ঢাকা: জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও যোদ্ধাদের আত্মত্যাগকে সামনে রেখে বিরোধী দলকে প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন সরকারি জোটের নেতা ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।
রোববার জাতীয় সংসদে এক মুলতবি প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, জুলাইয়ের আন্দোলন কোনো একক দলের নয়। “আপনারাই একমাত্র জুলাইয়ের টেন্ডার নিয়েছেন—বিষয়টি এমন নয়,” মন্তব্য করেন তিনি।
পার্থ বলেন, জুলাইয়ের যোদ্ধারা দেশের জন্য ত্যাগ স্বীকার করেছেন, তাই তাদের দাবির বিষয়ে সরকারকে ধৈর্য দেখাতে হবে। একই সঙ্গে সংবিধানের বাইরে গিয়ে কোনো ‘সংস্কার পরিষদ’ গঠনের প্রয়োজন নেই বলেও মত দেন তিনি।
তিনি উল্লেখ করেন, ৫ আগস্টের পর দেশে এক ধরনের আধা-সাংবিধানিক পরিস্থিতি তৈরি হয়েছিল, কারণ সংবিধানে সে ধরনের পরিস্থিতির স্পষ্ট দিকনির্দেশনা নেই। তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় সংবিধানের ভেতর থেকেই প্রয়োজনীয় সংশোধন আনা উচিত।
সংস্কার ও সংশোধনের পার্থক্য তুলে ধরে তিনি বলেন, শব্দের অপব্যবহার করে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। আইন না বুঝে সংবিধান নিয়ে বিভ্রান্তি ছড়ানোর সমালোচনাও করেন তিনি।
গণভোট প্রসঙ্গে তিনি বলেন, জনগণের ক্ষমতায়নে বিশ্বাসী হওয়ায় তার দল গণভোটকে সমর্থন করে। জনগণের ম্যান্ডেট নিয়েই সংবিধানের ভেতর থেকে পরিবর্তন আনার কথাও পুনর্ব্যক্ত করেন তিনি।
তিনি আরও বলেন, জনগণের আকাঙ্ক্ষা প্রতিফলিত না হলে কোনো সংবিধান টিকবে না। জুলাইয়ের চেতনা ধারণ করে গণতন্ত্রকে এগিয়ে নিতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
স্বদেশ সময়