মো: রেজাউল ইসলাম শাফি, কুলাউড়া উপজেলার প্রতিনিধিঃ
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় শিক্ষার্থীদের অংশগ্রহণে বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক উদ্ভাবনী প্রকল্প প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ জুন) উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ প্রদর্শনীতে শিক্ষার্থীদের তৈরি বিভিন্ন প্রযুক্তিনির্ভর প্রকল্প ও উদ্ভাবনী ধারণা সবার দৃষ্টি আকর্ষণ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য মো. শওকতুল ইসলাম।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অধীন ‘সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম’ (এসইডিপি)-এর আওতায় ‘পারফরম্যান্স বেইজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশনস স্কিম’ এবং ‘এডুকেশনাল এক্সেলেন্স সাপোর্ট স্কিম (ইএসএস)’-এর সহযোগিতায় এ কর্মশালা ও প্রদর্শনীর আয়োজন করা হয়।
‘মেধা, বিজ্ঞান ও উদ্ভাবনের দেশ—সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ কর্মসূচিতে উপজেলার বিভিন্ন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।
কুলাউড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম মুন্সী, উপজেলা প্রকৌশলী প্রীতম শিকদার জয় এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা খোরশেদ আলম।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর জ্ঞান, গবেষণা এবং উদ্ভাবনী সক্ষমতা বৃদ্ধি করা অত্যন্ত জরুরি। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের সৃজনশীল চিন্তার বিকাশ ঘটানোর পাশাপাশি ভবিষ্যতে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ইয়াকুব-তাজুল মহিলা ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ এমদাদুল ইসলাম ভূঁইয়া, নবীন চন্দ্র মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমির হোসেন, কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মতিন এবং মহতোছিন আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফয়জুর রহমান।
অনুষ্ঠান শেষে অতিথিরা শিক্ষার্থীদের তৈরি বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেন এবং তাদের উদ্ভাবনী প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন। এ সময় স্থানীয় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।